প্রকাশিত:
৩১ মার্চ ২০২৬, ১১:২৩
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে এবার জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তার স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই আবেগঘন দাবি উত্থাপন করেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, “আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি প্রায় দেড় বছর হতে চলল। অথচ আজও জানি না আমাদের স্বজনরা কোথায়? ইলিয়াস আলী, সুমন পারভেজসহ শত শত গুম হওয়া ব্যক্তির পরিবার আজও পথ চেয়ে বসে আছে।” ২০১২ সালের ১৭ এপ্রিল বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হওয়া ইলিয়াস আলীর পরিণতি কী হয়েছে, তা জানতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তিনি কেবল নিখোঁজদের সন্ধানই চাননি, বরং গত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একইসঙ্গে গুমের সাথে জড়িতদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক ও সামাজিক পুনর্বাসনের জন্য জোরালো আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণে বিগত আমলের গুম-খুনের সঠিক চিত্র ফুটে ওঠায় তাকে ধন্যবাদ জানিয়ে লুনা আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে গুম-খুন চিরতরে নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠিত হবে।
মন্তব্য করুন: