প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:০২
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman। সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকা এবং আশপাশের অঞ্চলে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশের বৃহৎ খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে হারিয়ে যাওয়া নদী-নালা ও খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে বড় ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের আরও ৫৪টি জেলায় একযোগে খাল খনন কার্যক্রমের সূচনা ঘোষণা করবেন।
সরকারি কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনের পর দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নীলফামারী ও দিনাজপুর জেলাজুড়ে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মন্তব্য করুন: