প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১২
কঠোর নিরাপত্তা ও নানা বিধিনিষেধের মধ্যেই পবিত্র রমজান মাসের প্রথম তারাবিহ নামাজ আদায় করেছেন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি। মঙ্গলবার সন্ধ্যায় ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিণত হয় ইবাদতের এক বিশাল সমাবেশে।
স্থানীয় সময় অনুযায়ী এশা ও তারাবিহ নামাজে অংশ নিতে মুসল্লিরা জড়ো হন মসজিদের মূল হলরুম ও উন্মুক্ত চত্বরে। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, নামাজ চলাকালে পুরো এলাকা জুড়ে ইসরায়েলি পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তারাবিহ নামাজে ইমামতি করেন খতিব শেখ ইউসুফ আবু স্নেইনাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মুসল্লিদের মাঝেই টহল দিচ্ছেন।
এর আগে, জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হোসেন রমজানের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
অধিকৃত পূর্ব জেরুজালেম ও ওল্ড সিটিতে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, উপাসনালয়ে প্রবেশে বাধা, গ্রেপ্তার ও নিষেধাজ্ঞা মুসল্লিদের ধর্মীয় স্বাধীনতাকে ব্যাহত করছে।
বিশ্লেষকদের মতে, কঠোর পরিবেশের মধ্যেও হাজারো মানুষের এই উপস্থিতি ফিলিস্তিনিদের ধর্মীয় দৃঢ়তা ও ঐক্যের প্রতীক। রমজানের প্রথম রাতেই আল-আকসায় এই সমাবেশ বিশ্বব্যাপী মুসলিমদের মনোযোগ কেড়েছে।
মন্তব্য করুন: