প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৪:২৭
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাগেরহাট জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে, গত বছরের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই ভারতীয় জেলেদের আটক করে। পরে তাদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তির পর আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কোস্টগার্ডের কাছে এসব জেলেকে হস্তান্তর করা হবে।
মুক্তির সময় খুলনায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোস্তফা কামাল বলেন, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কারাগারে আটক ২৩ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন: