প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৭:১৬
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন আর ভঙ্গুর নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং দেড় বছরে অর্থনীতি সংকটজনক অবস্থা থেকে অনেকটাই স্থিতিশীল পর্যায়ে এসেছে।
সোমবার দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, একসময় ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেখান থেকে অর্থনীতিকে ধীরে ধীরে ঘুরে দাঁড় করানো হয়েছে। তার ভাষায়, দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ পর্যায় থেকে কেবিন পর্যায়ে উন্নীত হয়েছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ইতোমধ্যে করা হয়েছে। এসব সংস্কার বাস্তবায়নের জন্যই জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ভোট সুষ্ঠু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক চাপ নেই এবং অর্থের প্রভাব খাটিয়ে কোনো গোষ্ঠীর ভোটে প্রভাব বিস্তারের সুযোগ নেই। সবাই সহযোগিতা করলে একটি অবাধ ও গ্রহণযোগ্য ভোট সম্ভব হবে।
কর্মসূচি শেষে অর্থ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা গণভোটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোট উপলক্ষে ভোটার সচেতনতামূলক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে অর্থ উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মন্তব্য করুন: