প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৫, ১৪:০১
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম বিনতি মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরো দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। অপর বিএনপি নেতা বেলাল হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায়।
পরিবার ও স্থানীয় জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা বেগম বিনতি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশংকাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা তার ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরো তিনজন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তিনি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এইসময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর। অগ্নিদগ্ধের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন: