প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৮
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। ফারুক মিয়া পেশায় রিকশাচালক।
নিহতের পরিবার জানায়, চাঁদনী এবছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দুই বিষয়ে ফেল করার খবর জানতে পেরে বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। পরে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চাঁদনীর মামা আতিকুল ইসলাম জানান, ফল প্রকাশের পর ফেল করার বিষয়টি মেনে নিতে না পেরে চাঁদনী কীটনাশক খেয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ভালো করতে না পেরে চাঁদনী আত্মহত্যা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: