প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প"-এর আওতায় ইলিশ সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার হাট প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় বারদী ও বৈদ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন মৎস্যজীবী, জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁওয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বৈদ্যেরবাজার নৌ–পুলিশ ইনচার্জ মাহবুব আলম।
সভায় জানানো হয়, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আইন ভঙ্গ করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের জেল অথবা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার তার বক্তব্যে বলেন—
“ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর টেকসই উৎপাদন ও সংরক্ষণের স্বার্থে প্রজনন মৌসুমে সকলকে সহযোগিতা করতে হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় সঞ্চালনা করেন উপজেলা মৎস্য ফিল্ড এসিস্ট্যান্ট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল, আনন্দবাজার হাট কমিটির সদস্য গোলজার হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বহু জেলে–ব্যবসায়ী।
সভায় বক্তারা ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
মন্তব্য করুন: